বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলে মত দিয়েছেন একটি গোলটেবিলে অংশগ্রহণকারী বক্তারা। তাঁরা বলেন, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব হবে রুটিনমাফিক। নির্বাচনকেন্দ্রিক সব কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন।
ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তাঁরা এ কথা বলেন। বৈঠকটি আজ রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, শিক্ষক নির্বাচন পর্যবেক্ষক ব্যবসায়ী সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। আধুনিক বিশ্বে তো নয়-ই। কোনো রাজনৈতিক দলেরই চাওয়া যেন এমন না হয় যে ‘তালগাছটা আমার তারপর নির্বাচনে যাব’। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থবহ নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশন চাইলে এটা সম্ভব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, নির্বাচনী গণতন্ত্র নয়, তবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য। তাঁর মত, নির্বাচনের সময়ে এই সরকারই বলবৎ থাকবে। সরকার শুধু রুটিন কাজ করবে, নির্বাচন কমিশন নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবে। তিনি রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘জয় নিশ্চিত হলে নির্বাচনে অংশ নেব, জয়ী হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে—এই মানসিকতার পরিবর্তন করতে হবে।’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, পূর্ববর্তী কয়েকটি জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, নির্বাচনের সময় সমাবেশ ও ওয়াজের মাধ্যমে ‘হেট ক্যাম্পেইন’ করা হয়। তিনি বলেন, ধর্মের নামে হেট ক্যাম্পেইন বন্ধ করতে হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক উসকানি দেয়, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাইলে নির্বাচনী ব্যয় রীতিও কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বৈঠকে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী বলেন, আদালত যেখানে রায় দিয়েছেন সাময়িক সময়ের জন্যও অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হবে না, সেখানে সহায়ক সরকারের প্রশ্ন কেন আসছে।
কতগুলো মৌলিক বিষয় এখনো ঐকমত্যে আসেনি, তাই আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে না, এমন সংশয় প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা আমি সুস্থ বলে মনে করছি না।’
গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক শওকত আরা হোসেন, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক সাদেকা হালিম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার তুরিন আফরোজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ বক্তব্য দেন।