এই সরকারের আমলে দুর্নীতির অর্থ ভোগ করা কঠিন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি করে উপার্জিত অর্থ ভোগ করা কঠিন।’
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহায়তায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বা সরকারি ক্রয় অধ্যাদেশের উদ্দেশ্য কেনাকাটায় স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক বাজার বজায় রাখা। বর্তমান সরকার জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও শক্তিশালী করেছে। এসব কারণেই দুর্নীতি করে উপার্জিত অর্থ ভোগ করা কঠিন। বর্তমান সরকারের আমলে দেশি বা বিদেশি সংস্থাসহ দুর্নীতিবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে দুর্নীতি চিহ্নিত করা সহজ। এখানে গণমাধ্যমের ভূমিকা দুর্নীতি রোধে অত্যন্ত সহায়ক হবে যদি তারা প্রকৃত দুর্নীতিবাজকে চিহ্নিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার।