বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের সব কর্মকাণ্ডকে অবৈধ বলে ঘোষণা করা হবে। এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহিও করতে হবে।জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে এক আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রবাদ আছে, অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। এই সরকারের অতি বাড় বেড়েছে। এদের করুণ পরিণতি ভোগ করতে হবে।’খালেদা জিয়া বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্যদের অযোগ্য ও অদক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এরা কিছুই জানে না, কাজও বোঝে না। সময়মতো অফিসে পর্যন্ত আসে না। এ করণে প্রশাসনের কাজে গতি আসছে না। জনগণ সরকারের কাছ থেকে সুফল পাচ্ছে না।’ তিনি বলেন, সরকার চলছে কয়েকজন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী আবার সব কাজ একাই করেন। তিনিই কখনো জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসে পড়ছেন। স্পিকার বিরোধী দলকে সুযোগ দিতে পারেন না প্রধানমন্ত্রীর কারণে।’ খালেদা জিয়া গত দুই বছরে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রদলের সব স্তরের কমিটি করা হবে। যারা কোনো ভাইয়ের প্রতি নয়, দলের প্রতি আনুগত্য দেখাবে, তারাই কমিটিতে স্থান পাবে। তিনি বলেন, ছাত্রদলের কাজ মিছিল আর স্লোগান দেওয়া নয়। তাদের কাজ হচ্ছে অন্য সংগঠনের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে সাধারণ ছাত্রদের সমস্যার সমাধান, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষাঙ্গনের পরিবেশ ভালো রাখা।বিরোধীদলীয় নেতা বলেন, ‘টাকা খরচ করে কারও নামে বিমানবন্দর না করে ঢাকার যানজট দূর করার উদ্যোগ নিন। জনগণকে বিদ্যুৎ, পানি, গ্যাস দিন। ক্ষমতায় না থাকলে নাম-নিশানা-ফলক কিছুই থাকবে না।’সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘আমার তো সন্দেহ হয়, গোয়েন্দা বাহিনীতে বিদেশিরা ঢুকে পড়েছে। কেননা, এ দেশের মানুষ এত নিষ্ঠুর হতে পারে না।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে। দুই বছরে সরকার কী করেছে তার তথ্য আমাদের কাছে আছে। একজনকেও ছাড় দেওয়া হবে না।’ তৈরি পোশাকশিল্পে অস্থিরতার পেছনে সরকারের মদদ আছে বলে খালেদা জিয়া অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই সরকারের এক নম্বর থেকে শূন্য নম্বর পর্যন্ত সবাই মিথ্যাবাদী। সরকার সংসদ অকার্যকর করে রেখেছে। বিরোধী দলকে কথা বলতে দেয় না।আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, ‘২০১১ সাল হবে শেখ হাসিনার জন্য শেষ সাল।’সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য দেন।