এই সহিংসতা রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বার্ন ইউনিট শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নয়, এটি এখন সারা বাংলাদেশের’ বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টচার্য। তিনি আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর নিন্দা জানিয়ে বলেন, সমগ্র জাতিকে এই সহিংসতা রুখে দাঁড়াতে হবে।
গতকাল সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পঙ্কজ ভট্টাচার্য এ মন্তব্য করেন। একই সঙ্গে যার যার সামর্থ্য অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন মানুষের সহযোগিতা ও পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পঙ্কজ ভট্টাচার্য সংঘাত ও রক্তপাত এড়াতে প্রয়োজনে বিবদমান পক্ষগুলোর সঙ্গে শর্তহীন সংলাপের পরামর্শ দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত ও জামায়াতে ইসলামী নিষিদ্ধ করাসহ ১০ দফা উত্থাপন করেন।
ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক বলেন, আগামী শুক্রবার রাজনৈতিক সহিংসতা বন্ধ ও নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে তাঁর দল। ওই দিন বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে।