এই সাঁকো আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর বি ব্লকের ২ নম্বর লেন ছয় মাসেও সংস্কার হয়নি। ছবি : প্রথম আলো
মিরপুর বি ব্লকের ২ নম্বর লেন ছয় মাসেও সংস্কার হয়নি। ছবি : প্রথম আলো

ঘরের সামনেই খাদের মতো একটা নালা। এর ওপর তক্তা বা সে রকম কিছু বিছিয়ে সাময়িক সাঁকো তৈরি করা হয়েছে। এই সাঁকো দিয়ে যে যাঁর মতো নিজের বাসায় যাতায়াত করেন। রাত-বিরেতে একটু অসতর্ক হলেই সড়াৎ করে পড়তে হবে এই নালায়। একটু জোর বৃষ্টি হলেই এই নালায় ঢল নামে। তখন দুর্ভোগের একশেষ।
এই নালা আসলে কোনো নর্দমা বা পানি নিষ্কাশনের পথ নয়, এটি একটি সড়ক। মিরপুর ১০ নম্বরের বি ব্লকের ২ নম্বর লেন। সড়কটি দুই ধারে ২০টি বাড়ি রয়েছে। এর অর্ধেকের বেশি বাড়ির সামনে কাঠ বা বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট সাঁকো। এসব সাঁকো দিয়ে সড়কটির দুই পাশের বাসিন্দারা তাঁদের বাড়িতে যাতায়াত করছেন। প্রায় ছয় মাস ধরে এভাবে চলছে। এখন তাঁরা রীতিমতো হয়রান।

জানা গেছে, সড়কটি দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট, চওড়া ৪০ ফুট। দুই পাশে ১০ ফুট করে মোট ২০ ফুট জায়গা দখল হয়ে যায়। অধিকাংশ বাড়ির মালিক তাঁদের প্লটের সামনে এই সরকারি জায়গায় গড়ে তোলেন দোকানপাট বা গ্যারেজ। ফলে ৪০ ফুটের চওড়া সড়কটি সরু হয়ে ২০ ফুটে চলে এসেছে। মিরপুরের আবাসিক এলাকার অধিকাংশ সড়ক এভাবেই দখলদারদের কবলে পড়ে সরু হয়ে গেছে।
গত ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে সড়কগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে এসে মেয়র আনিসুল হক দখলমুক্ত করে সড়কটি সংস্কার করার নির্দেশ দেন। এভাবে ১০ নম্বর সেকশনের পাঁচটি সড়ক ১ কোটি ৩০ লাখ টাকার সংস্কারকাজ শুরু হয়। উচ্ছেদের পর বি ব্লকের ২ নম্বর লেনের দুপাশে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়। এ সময় বাড়িগুলোতে চলাচলে কাঠ-বাঁশের সাঁকো বসানো হয়। প্রতিটি সাঁকোর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। ড্রেন নির্মাণের কাজ চলার সময় তিন ফুট করে জায়গা কম ছাড়ার জন্য স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার কাছে আবেদন করেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করে কয়েকজন বাড়ির মালিক জানান, সাংসদ ঠিকাদারকে তিন ফুট জায়গা ছেড়ে ড্রেন নির্মাণকাজ শুরু করতে বলেন। কিছুদিন পর উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ৪০ ফুট জায়গাতেই সংস্কারকাজ করতে বলেন মেয়র আনিসুল হক। এভাবে সড়কের দুই পাশ পুরোপুরি দখলমুক্তও হয়নি, আবার ড্রেন নির্মাণও বন্ধ হয়ে যায়।
সংস্কারকাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ২ নম্বর লেনের প্রায় এক হাজার বাসিন্দা। দুই পাশের গর্তে পানি জমায় সমস্যা আরও প্রকট হয়েছে। বড় বড় গর্তে মশা জমেছে। প্রায়ই গর্তে পড়ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার।
আতিকুল ইসলাম নামের এক বাসিন্দা বলেন, বয়স্ক লোকজন বাইরে যেতে পারছেন না। ২ নম্বর লেনের প্রায় সব বাড়িই ছয়তলা। ফ্ল্যাটগুলোতে মালামাল আনা-নেওয়া করাও অসম্ভব হয়ে গেছে। ভাড়াটেরাও বাসা বদল করছেন। বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়েছে। তিন ফুট ছাড়া না-ছাড়া বাদ দিয়ে দ্রুত সড়কটি সংস্কার জরুরি। এভাবে সাঁকো পারাপার আর কত দিন চলবে!
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৪০ ফুট জায়গা বুঝে না পেলে সড়ক সংস্কারকাজ করতেও আপত্তি জানান ঠিকাদারেরা। এর কম জায়গা ছাড়তে মেয়রও নির্দেশ দিয়েছেন। সড়কের দুই ধারের জায়গা মেপে দেখা হবে। এরপর দ্রুত কাজ শেষ করা যাবে।