এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়

‘আনন্দলোকে মঙ্গলালোকে’ এই গানের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো নবীন শিক্ষার্থীদের। নগরের একটি পাঁচ তারকা হোটেল মিলনায়তনে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয়-সাত শ শিক্ষার্থীও গলা মেলালেন সেই সুরে। স্মরণীয় করে রাখতে চাইলেন ‘নবীনবরণ এবং এমবিএ সন্ধ্যা’ শিরোনামের বর্ণিল আয়োজন।
২০১৫ শিক্ষাবর্ষে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ও এমবিএতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ২১ নভেম্বর সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেডিসন ব্লু–এর মতো পাঁচ তারকা হোটেলে এমন আয়োজন দেখে উৎফুল্ল নবীন শিক্ষার্থীরাও। কথামালা, গান ও নাচ— সবই ছিল মন ভরানো সেই সন্ধ্যায়।

তিন পর্বে বিভক্ত এই আয়োজনের শুরুতে ছিল কথামালার আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরাশাদ কামাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘পড়ালেখা করে শুধু সনদ অর্জন করলে হবে না। দেশ ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে বিদেশিরা এসে আমাদের চাকরির বাজার দখল করে ফেলবে।’
ব্যবসা অনুষদের শিক্ষক প্রকৌশলী রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় কথামালা পর্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আহমেদ, আমিনুজ্জামান ভূঁইয়া, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান ও দিলরুবা আহমেদ। কথামালা পর্ব শেষে শুরু হয় পুরস্কার প্রদানের আয়োজন। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় এই পর্বের শুরুতে ছিল সমবেত গান। এরপর অনিন্দিতা ভট্টাচার্য পরিবেশন করেন ‘তুমি চোখের আড়াল হও’ শিরোনামের গানটি। ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’ গানের সঙ্গে গলা মেলায় পুরো মিলনায়তন। গানটি পরিবেশন করেন আদিবা সাইফ। ‘মন শুধু মন ছুঁয়েছে’ গেয়ে দর্শকদের মন জয় করে নেন সাইফুল হক। এরপর ‘বলছি তোমার দিব্যি খেয়ে, আমি বড় শান্ত ছেলে’ শিরোনামের গানের সঙ্গে নাচ পরিবেশন করেন দুই শিক্ষার্থী। এ ছাড়া ‘আমার স্বপ্ন জুড়ে তুই’, ‘একটা গোপন কথা ছিল বলবার’, ‘এখন সময় কাছে আসার’ শিরোনামের গানগুলোর পরিবেশনা ভালো লেগেছে সবার। বাংলা গানের পাশাপাশি ছিল হিন্দি ও ইংরেজি গান।
সবশেষে ‘দিওয়ানি মাস্তানি’ শিরোনামের হিন্দি গানের সঙ্গে শেষ হয় স্বর্ণালি সন্ধ্যার বর্ণিল এই আয়োজন। এতে অংশ নেন হাবিবা রিনি, কাশফিয়ার জামাল, নাফিসা হক ও দিনা আক্তার।