খালেদা জিয়ার শঙ্কা ও উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় গতকাল শনিবার রাত সোয়া ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ শঙ্কা প্রকাশ করেন।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের সই করা বিবৃতিতে খালেদা জিয়া দুটি ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএনপির চেয়ারপারসন দাবি করেন, নিহত ফয়সাল আরেফিন (দীপন) জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন। তিনি নিহত ফয়সালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আইনের শাসনের অনুপস্থিতিতে সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধ অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।
বিএনপির বিবৃতি: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিনকে (দীপন) হত্যা এবং শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছে বিএনপি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে দলটি।
গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে দুপুরে আহমেদুর রশীদ চৌধুরীসহ (টুটুল) তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতির মালিক ফয়সাল আরেফিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।