বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, স্মার্ট গার্মেন্টসের অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ায় এর দুই মালিককে গ্রেপ্তার করা হলেও কেবল বিজিএমইএর সদস্য হওয়ার কারণে শতাধিক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী তাজরীন গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করা হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মালিকদের গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করে বলেন, তাহলে এই হত্যাযজ্ঞের দায়ভার কে নেবে? গতকাল শুক্রবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১২তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্প ও পোশাকশ্রমিকদের বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ দাবির মধ্য দিয়ে প্রমাণিত হয় যে দেশ বা দেশের শিল্পস্বার্থ নয়, ক্ষমতার স্বার্থই তাঁর কাছে সবচেয়ে বড় কথা।ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সফিকুর রহমান মজুমদার। উদ্বোধনী অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ডব্লিউএসএমের প্রতিনিধি তারিকুজ্জামান, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এম দেলোয়ার হোসেন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন শুভেচ্ছা বক্তব্য দেন।উদ্বোধনী অধিবেশনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তোপখানা রোড, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদক্ষিণ করে। এরপর পল্টনের শহীদ তাজুল মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। বিজ্ঞপ্তি।