৫ জুনের হরতাল আগামী দিনগুলোতে বিএনপির জন্য আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করবে। কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি বিজয় অর্জন করবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তবে তিনি আলোচনায় অংশ নেননি। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কথা বলার কারণে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। কেননা, এই ব্যবস্থার জন্য তিনি টানা ২২ দিন হরতাল করেছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে পারবে না। তার আগেই সরকারকে বিদায় নিতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ। আলোকচিত্র প্রদর্শনী: জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুস্থদের মধ্যে খাবার বিতরণ: জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সূত্রাপুর, গেন্ডারিয়া ও খিলগাঁও থানা এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবক দল আয়োজিত গতকালের এই কর্মসূচি উদ্বোধন করেন খালেদা জিয়া।