এই হরতাল শেষ নয়: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, কেবল জনগণের সমস্যা সমাধান হলেই হরতাল প্রত্যাহার করা হবে। তিনি বলেন, এই হরতালই শেষ নয়, সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল শনিবার রাতে বিশিষ্ট চিকিৎসক মহসিন জিল্লুর করিমের বিএনপিতে যোগদান উপলক্ষে গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। মহসিন জিল্লুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের ভাই। তিনি চট্টগ্রাম-১৩ সংসদীয় এলাকার বাসিন্দা।বিএনপি চেয়ারপারসন বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ নানা সমস্যায় জনগণ অতিষ্ঠ। এসব সমস্যার সমাধান করতে হবে। শুধু বিমানবন্দর নির্মাণ বন্ধের ঘোষণা দিলেই চলবে না। আড়িয়ল বিল এলাকার হাজার হাজার সাধারণ মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানান।খালেদা জিয়া অভিযোগ করেন, জনগণের সমস্যার দিকে সরকারের কোনো দৃষ্টি নেই। তারা ব্যস্ত লুটপাট ও দুর্নীতিতে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি নতুন করে আর কোনো বিমানবন্দর নির্মাণের উদ্যোগ থেকে বিরত থাকতে সরকারে প্রতি আহ্বান জানান।