এই হরতালের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই: মুহিত
চলমান হরতালের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এটা সন্ত্রাসী হরতাল। আর খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী।’সচিবালয়ে গতকাল বুধবার এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।বিরোধী দলের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতালকে ‘বাংলাদেশবিরোধী অপকর্ম’ আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চাইছেন খালেদা জিয়া। কিন্তু সরকার তা প্রতিহত করবে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, হরতালের মাধ্যমে সরকারের পতন হবে। কিন্তু হরতালের মাধ্যমে সরকারের পতন হবে না।’ হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।মুহিত বলেন, ‘হরতালে প্রধান সমস্যা হচ্ছে আমদানি-রপ্তানিপণ্য চলাচলে বাধা সৃষ্টি হওয়া। এটা ঠিক রাখতে হবে। এ জন্য মহাসড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি ব্যাংক ও শুল্ক বিভাগেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন না। আমরা দেশকে ভালোবাসি।’কোনো কোনো মহলের দাবি সত্ত্বেও হরতাল নিষিদ্ধ করা হচ্ছে না কেন—এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হরতালকে রাজনৈতিক অধিকার বলে অনেকে বিশ্বাস করেন। তাই আমরা বলেছি, এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। আমার মনে হয়, এই মুহূর্তে গণভোট হলে ৯০ শতাংশ মানুষই হরতালের বিপক্ষে ভোট দেবেন।’