এইউডব্লিউতে শুরু হয়েছে দুই দিনের আলোকচিত্র উৎসব
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনের দ্বিতীয় আলোকচিত্র উৎসব। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে এইউডব্লিউ ফটোগ্রাফি ক্লাব।
উৎসবের মাধ্যমে নারীর প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন এবং ছবি তোলার প্রতি আগ্রহ জাগানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন দেশের একমাত্র নারী আলোকচিত্রীদের এ সংগঠনের উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি তাসনিয়া ইসহাক। অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মউদুদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলোকচিত্রী এম আর হাসান, সাব্বির ফেরদৌস, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক, ইনভেনটিভ আটর্সের মো. আবদুল্লাহ, ক্লাবের কোষাধ্যক্ষ পরাগ মুৎসুদ্দী প্রমুখ।
উৎসবের উদ্বোধনী দিনের কর্মসূচিতে ছিল ছবি তোলার কলাকৌশল ও আলোকচিত্রের নানা দিকের পর্যালোচনা নিয়ে ‘ছবির আড্ডা’।
উৎসবে দেশি-বিদেশি ও প্রবাসী ৫৫ জন আলোকচিত্রীর ৭৪টি ছবি দেখানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়ার চারজন আলোকচিত্রীও রয়েছেন।
গত বছর এইউডব্লিউ ফটোগ্রাফি ক্লাব গড়ে ওঠে। আর সে বছরের এপ্রিল মাসে পেশাদার ও শৌখিন আলোকচিত্রীদের নিয়ে আয়োজন করা হয় প্রথম আলোকচিত্র উৎসব।
আজ শনিবার উৎসবের সমাপনী দিনের কর্মসূচিতে রয়েছে ছবির আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।