এইউডব্লিউর বহিষ্কৃত আট শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) থেকে বহিষ্কার করা আটজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁরাসহ ১১ জন শিক্ষার্থীকে বিধিবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কোনো সুষ্ঠু নীতিমালা নেই। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া বাংলাদেশের আটজন শিক্ষার্থী গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপনের পাশাপাশি তাঁদের পরবর্তী পদক্ষেপও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারজিয়া শাফিন। উপস্থিত ছিলেন সামান্তা চৌধুরী, ইসমত জাহান, আমেনা বেগম, খালেদা রায়হান প্রমুখ। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে তাঁরা আইনের আশ্রয় নেবেন। বিষয়টিকে বাংলাদেশসহ সারা পৃথিবীতে চলমান শিক্ষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা হবে।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ, পরীক্ষার ফলাফল, বহিষ্কার প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাসহ সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং তা জানানোসহ ছয় দফা দাবি তুলে ধরেন।