এইউডব্লিউর ভর্তি কার্যক্রম শুরু উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) এশিয়ান স্টাডিজ, পাবলিক হেলথ, রাজনীতি, দর্শন, অর্থনীতি, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞানের মতো যুগোপযোগী বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। এসব বিষয়ে পড়ানোর মাধ্যমে দেশি-বিদেশি শিক্ষার্থীদের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলার উপযুক্ত করে গড়ে তোলা হয়। গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য রয়েছে শেরি ব্লেয়ার ফেলোশিপ, গ্রামীণ স্কলারশিপের মতো বিভিন্ন বৃত্তি কার্যক্রম।গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম নগরের মেহেদীবাগ ক্যাম্পাসে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান পরিচালক (ভর্তি কার্যক্রম) রেহানা আলম খান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ওমর শরীফ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান শিক্ষা কার্যক্রমের অধীনে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে (www.asian-university.org)।২০০৮ সালে ১২৯ জন দেশি-বিদেশি শিক্ষার্থী নিয়ে এইউডব্লিউর শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে পড়ছেন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, চীন, ফিলিস্তিন, মিয়ানমারসহ আরও অনেক দেশের শিক্ষার্থী।