এইচ টি ইমাম ও টুকু আজ পাবনা যাচ্ছেন
নিয়োগ পরীক্ষার কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে আজ পাবনা যাচ্ছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জানতে চাইলে তৌফিক ইমাম প্রথম আলোকে বলেন, পাবনায় গিয়েই পূর্ণাঙ্গ কর্মসূচি ঠিক করা হবে। তবে আপাতত জেলা প্রশাসনের সঙ্গে ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে। এদিকে গতকাল সরকারের নীতিনির্ধারক পর্যায়ের বেশ কয়েকজন সচিব পাবনা জেলা প্রশাসকের সঙ্গে ফোনে একাধিকার কথা বলেছেন বলে জানা যায়। বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, ঢাকার জেলা প্রশাসক মহিবুল ইসলাম অন্যতম।সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ পাবনা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে বলেন, সরকার পাবনা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। প্রশাসনকে শৃঙ্খলাবিরোধী কাজ থেকে বিরত থাকতে বারবার বলা হচ্ছে। প্রশাসনের জন্য অশোভন হয়, এমন কোনো কাজ যেন তারা না করে, সে জন্য বলা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তরা আত্মসমর্পণ করেছেন।সন্তোষ প্রকাশ: পাবনায় অপ্রীতিকর ঘটনার পর সরকারের নেওয়া ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আ্য্যডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল রোববার প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় অ্যাসোসিয়েশনের মহাসচিব ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মহাসচিব বলেন, পাবনার ঘটনায় সরকার সম্ভব সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে দায়ী সাংগঠনিক কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর মনোভাব নিয়েছে।