বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বক্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, এইচ টি ইমাম একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। এ জন্য অতীতে তিনি শাস্তিও পেয়েছেন।গতকাল শনিবার এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন।সম্প্রতি এইচ টি ইমাম বলেন, ‘যাঁরা সংসদ থেকে চাল-ডাল চুরি করেছেন তাঁরাই এখন ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করছেন।’খোন্দকার দেলোয়ার বলেন, এইচ টি ইমাম প্রশাসনে চাকরি করার সময় নানা কারণে বিতর্কিত ছিলেন। দুর্নীতির কারণে তিনি শাস্তি ভোগ করেছেন। তা ছাড়া খোন্দকার মোশতাকের বিতর্কিত মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান পরিচালনাও করেন তিনি। নানা কারণে বিতর্কিত এ ব্যক্তির মুখে এ ধরনের কথা শোভা পায় না। বিএনপির মহাসচিব অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের জন্য এইচ টি ইমামের প্রতি আহ্বান জানান।মহিলা দলের আলোচনা সভা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল নয়াপল্টনে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল আলোচনা সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতের সঙ্গে করা চুক্তি ও ইশতেহারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। এ দেশবিরোধী চুক্তি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংসদে জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কলঙ্কজনক ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করে মওদুদ বলেন, কোনো সাধারণ মানুষের মুখেও এমন কুরুচিপূর্ণ কথা আসে না। নির্বাহী কমিটির সহসভাপতি সেলিমা রহমান প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘জিয়া সবার অন্তরে আছেন। সেখান থেকে তাঁকে দূরে ঠেলে দেওয়া যাবে না।’ মহিলা দলের ঢাকা মহানগর সভাপতি রাবেয়া সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সারোয়ারী রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন বক্তৃতা করেন।নাগরিক ফোরামের আলোচনা: বিএনপি-জামায়াতপন্থী সংগঠন নাগরিক ফোরামের গোলটেবিল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এক বছরে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি কিছু পরিসংখ্যান উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ছিল মারাত্মক। এ ছাড়া সরকার সমর্থকদের চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে জনগণ অতিষ্ঠ বলে এম কে আনোয়ার অভিযোগ করেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘মহাজোট সরকারের এক বছর: সাফল্য-ব্যর্থতা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক হয়।