এইচ টি ইমামের বাসার সামনে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের হেয়ার রোডের বাসভবনের সামনে গতকাল রাতে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ছবিটি রাত আটটার দিকে তোলা ষ প্রথম আলো
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের হেয়ার রোডের বাসভবনের সামনে গতকাল রাতে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ছবিটি রাত আটটার দিকে তোলা ষ প্রথম আলো

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বাসার সামনে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ না হওয়ায় তাঁরা এ বিক্ষোভ করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর হেয়ার রোডে এইচ টি ইমামের সরকারি বাসার সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদ হোসেন, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, কৃষিবিষয়ক সম্পাদক রাইসুল ইসলামসহ ৩০-৪০ জন নেতা-কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বাসার ভেতরে যাওয়ার জন্য তাঁরা দারোয়ানদের দরজা খুলে দিতে বলেন। দরজা না খোলায় তাঁদের সঙ্গে দারোয়ানদের কথা-কাটাকাটি হয়। পরে ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মী বাসার ভেতরে গিয়ে এইচ টি ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাত ১০টার দিকে তাঁরা বের হয়ে আসেন।

ঘটনাস্থলে বিক্ষোভরত কয়েকজন এই প্রতিবেদককে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর যত শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হন, এবার তার চেয়ে অনেক কম হয়েছেন। অথচ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের দাবি, ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কমিটিতে অনেক পদ ফাঁকা হয়ে যাবে, এ কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের উত্তীর্ণ করা হয়নি।