এইচ টি ইমামের বিদায়ী বৈঠক নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ ছাড়ার চার দিন পর গতকাল রোববার সচিবালয়ে গিয়ে জনপ্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন এইচ টি ইমাম। তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে এ ধরনের বিদায়ী বৈঠক করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা বৈঠক নয়, বিদায় অনুষ্ঠান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার বলেন, ‘উনি পাঁচ বছর এই মন্ত্রণালয়ে ছিলেন। বয়স্ক মানুষ, বিদায় নেওয়ার জন্য তাঁর পক্ষে প্রত্যেকের কক্ষে যাওয়া সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে করে অনানুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মন্ত্রণালয়ের গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন সচিবের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন।
এইচ টি ইমাম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সহযোগিতার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ যাঁরা ওএসডি, কাল তাঁরাই দায়িত্ব পালন করবেন। এটাই নিয়ম। এটা নিয়ে ক্ষোভের কিছু নেই।
প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদত্যাগের সময়ই তাঁর বিদায় নেওয়া উচিত ছিল। কারণ, এখন নির্বাচনকালীন সময়, নির্বাচনের তফসিল ঘোষণাও হয়ে গেছে। তা ছাড়া তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। এ অবস্থায় এ ধরনের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ও বিতর্ক ওঠা স্বাভাবিক।
এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, যদি শুধু বিদায় নেওয়ার জন্য গিয়ে থাকেন, তাহলে যেতে পারেন। কিন্তু কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
এইচ টি ইমামসহ প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা গত ২৬ নভেম্বর পদত্যাগ করেন।
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে পদোন্নতিপ্রত্যাশীদের সাক্ষাৎ: অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রত্যাশিত একদল যুগ্ম সচিব গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞার সঙ্গে সাক্ষাৎ করেন।
জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বলেন, এখনো বলা যাচ্ছে না, পদোন্নতি কবে হবে। তবে প্রস্তুতি আছে।