এইচ টি ইমামের বিদায় অনুষ্ঠান নিয়ে প্রশ্ন!

পদত্যাগের পর আজ রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে বিদায় অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্বপালনকারী এইচ টি ইমাম।নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁর এই অনুষ্ঠান নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও প্রশ্ন উঠেছে। কারণ বর্তমানে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ওই মন্ত্রণালয়ের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে এইচ টি ইমাম বক্তব্যও দেন।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘উনি দীর্ঘ পাঁচ বছর এই মন্ত্রণালয়ে ছিলেন। বয়স্ক মানুষ, বিদায় নেওয়ার জন্য তাঁর প্রত্যেকের কক্ষে যাওয়া সম্ভব নয়। এজন্য সবাইকে একসঙ্গে করে অনানুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। এটা এমন কোনো বিষয় না।’ উল্লেখ গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এইচ টি ইমামসহ পাঁচ উপদেষ্টা। তবে এ বিষয়ে পরিপত্র জারি হয় ২৮ নভেম্বর।