এইচ টি ইমামের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে করা মানহানির মামলার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন সাবেক বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদারের আদালতে এই আবেদন করেন তিনি। আদালত গতকাল পুলিশ প্রতিবেদন এবং বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ২ জুন আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। মাহমুদুর রহমান ২০০৮ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। আদালত মামলার ঘটনা তদন্ত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সূত্র জানায়, ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সত্যতার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি ‘স্পর্শকাতর’ হওয়ায় বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন। এদিকে মানহানির অভিযোগে বর্তমান জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর দায়ের করা মামলার শুনানি পিছিয়েছে। গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালত ২২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।