এইচআইভি আক্রান্ত এক দম্পতির আক্ষেপ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১২ বছর বাহরাইনে ছিলাম। দেশে এসে বিয়ে করে চলে যাই। পরে আবার এসে তিন মাস ছিলাম। শেষবার বাহরাইনে যাওয়ার পর আমার এক বন্ধু এইডসে আক্রান্ত হয়ে মারা যান। পরীক্ষায় আমিও এইচআইভি জীবাণুবহনকারী হিসেবে শনাক্ত হই। পরে আমাকে দেশে পাঠানো হয়। আমার স্ত্রীও এইচআইভি আক্রান্ত। তবে তিন বছর বয়সী কন্যাসন্তান জীবাণুমুক্ত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা থাকলে আমার স্ত্রী আর সংক্রমিত হতেন না।’ এইচআইভিতে আক্রান্ত হওয়ার কথা এভাবেই বর্ণনা করেন সিলেট সদর উপজেলার এক বাসিন্দা। সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। গতকাল রোববার ইন্টারন্যাশনাল এইডস কেন্ডেললাইট মেমোরিয়াল ডে ২০১০ উপলক্ষে এক আলোচনা সভায় ওই দম্পতির মতো আরও সাতজন তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। আশার আলো সোসাইটি এইচআইভি আক্রান্ত সদস্যদের নিয়ে গতকাল সন্ধ্যায় ‘এইচআইভি-আক্রান্তদের মানবাধিকার সংরক্ষণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। নগরের শাহজালাল উপশহরে এ সভা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিব্বির আহমদ এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এইচআইভি আক্রান্তরা আশার আলো সোসাইটির সদস্য। সারা দেশে এ সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা ৫৬৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় এইচআইভি আক্রান্তের সংখ্যা ৩০৭ এবং সিলেটে ৩২১ জন। অনুষ্ঠানে আলোচকেরা বিমানবন্দরে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরে সরকারের প্রতি শিগগিরই এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান।