
এইচআইভি আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা চলতি বছর থেকে সরকারি হাসপাতালে হচ্ছে। আক্রান্ত ব্যক্তিরা ছয়টি সরকারি হাসপাতালে এই সেবা পাবেন বিনা মূল্যে। বেসরকারি সংস্থাগুলো (এনজিও) এখন আর এইচআইভি/এইডস রোগীদের কোনো চিকিৎসা দিচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল সোমবার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারি কর্মকর্তারা এ তথ্য দেন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশে না থাকায় এ বছর ৬ ডিসেম্বর দিবসটি পালন করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে এইডস/এসটিডি কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক (লাইন ডিরেক্টর) অধ্যাপক ইহতেশামুল হক চৌধুরী বলেন, দেশে গত এক বছরে নতুন ৮৬৫ এইচআইভি আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৮ বছরে দেশে শনাক্ত করা এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৮৬। দেশে সাধারণ মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণের হার দশমিক শূন্য ১ শতাংশের নিচে। দেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা ১১ হাজার ৭০০। দেশে প্রথম এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় ১৯৮৯ সালে। সম্প্রতি ঢাকা শহরের একটি বিশেষ অঞ্চলে শিরায় মাদক গ্রহণকারী লোকজনের মধ্যে সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে।
ইহতেশামুল হক চৌধুরী বলেন, চলতি বছর থেকে এইচআইভি আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা সম্পূর্ণরূপে সরকারি হাসপাতালে স্থানান্তর করছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘদিন ধরে এই সেবা দিত এনজিওরা। এ পর্যন্ত ২ হাজার ৪৮৩ জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই হাসপাতালগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল।