এইচআইভি ঝুঁকিতে বাংলাদেশ
আন্তর্জাতিক এইডস বিষয়ক সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষজ্ঞরা বলেছেন, যদিও বাংলাদেশে এইচআইভির প্রকোপ কম তবু কিছু জনগোষ্ঠীর মধ্যে অনিরাপদ যৌন আচরণ, দারিদ্র্য এবং প্রাথমিক স্বাস্থ্য সেবার ঘাটতির কারণে দেশটি এইচআইভি মহামারির ঝুঁকিতে রয়েছে।
আজ রোববার আইক্যাপ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। তাঁরা বলেছেন, এইচআইভি—এইডস শুধু রোগ নয়, একইসঙ্গে একটি বড় ধরনের সামাজিক সমস্যা।
গতকাল শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘আইক্যাপ (আইসিএএপি) ১২-ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসেফিক’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ সকালে প্রথম অধিবেশনে ভারতের বিশিষ্ট আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, স্বল্পমূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা না করলে ২০৩০ সাল নাগাদ এইচআইভি এইডস সংক্রমণ শূন্যের কোঠায় আনার যে বৈশ্বিক প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে তা অর্জিত হবে না।
এই সম্মেলনে ৫০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।