গর্ভকালীন চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) নামে একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের আওতায় গত দুই বছরে এইচআইভি পরীক্ষা করেছেন প্রায় ১৩ হাজার নারী। তাঁদের মধ্যে ছয়জনের শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে।
তবে গত দুই বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিয়েছেন প্রায় ৭৮ হাজার অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারী। এর মধ্যে এইচআইভি পরীক্ষা করেছেন ১২ হাজার ৭২৯ জন। অন্য নারীদের চিকিৎসকেরা পরামর্শ দিলেও তাঁরা এই পরীক্ষা করাতে আগ্রহ দেখাননি।
হাসপাতালের প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানারা চৌধুরী বলেন, ‘আমাদের দেশে যদিও উচ্চঝুঁকি নেই, তবু এইচআইভি নারীদের পরীক্ষাটি করানো উচিত। কারণ, শুধু অনিরাপদ যৌনমিলনে নয়, নানা কারণে মানুষ এইচআইভি আক্রান্ত হতে পারে। কিন্তু আমাদের হাসপাতালে যেসব রোগী আসেন, তাঁরা সেভাবে সচেতন নন। তাই অনেকে এই পরীক্ষা করাতে চান না।’
এইচআইভি এইডস রোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, যাঁদের স্বামী বিদেশফেরত, অনিরাপদ যৌনমিলন করেছেন, মাদকাসক্তি রয়েছে কিংবা অপরীক্ষিত রক্ত নিয়েছেন, তাঁদের এই পরীক্ষা করানো জরুরি। তাহলে অনাগত সন্তানটিকে মুক্ত রাখা সম্ভব হতে পারে। তিনি বলেন, স্বামী এই ভাইরাস বহনকারী হলেও যদি অন্তঃসত্ত্বা হওয়ার সময় স্ত্রী এই ভাইরাসটিতে আক্রান্ত না হন, তাহলে নবজাতক ঝুঁকিমুক্ত থাকবে।
পিএমটিসিটির কর্মকর্তারা জানান, গর্ভকালীন অবস্থায় পরীক্ষার সময় যে ছয় নারীর শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়েছে, তাঁরা এই প্রকল্পের অধীনে চিকিৎসা নেন। ছয়জনই সন্তান প্রসব করেছেন। এর মধ্যে পাঁচটি শিশুই এইচআইভি ভাইরাসমুক্ত অবস্থায় জন্ম নিয়েছে। অন্য শিশুটি ভাইরাস আক্রান্ত কি না, তা পরীক্ষার পর জানা যাবে।
প্রকল্পের ব্যবস্থাপক মো. আলী হোসেন বলেন, ইউনিসেফের সহযোগিতায় ২০১৩ সাল থেকে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। সঠিক চিকিৎসার মাধ্যমে অনাগত শিশুকে এই ভাইরাস থেকে নিরাপদ রাখতেই অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীকে এখানে সেবা দেওয়া হয়।
চট্টগ্রামে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দুটি বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসা এবং অন্যান্য সেবা দিয়ে আসছে। একটি আশার আলো সোসাইটি, অন্যটি হোপ কেয়ার সেন্টার। আশার আলোতে বর্তমানে ২৬৬ জন এইচআইভি আক্রান্ত রোগী নিয়মিত সেবা নেন। হোপ সেন্টারেও প্রায় ১৮০ জন রোগী রয়েছে।
চট্টগ্রামে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ শর কাছাকাছি হবে বলে ধারণা করছেন অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, অনেক রোগী চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও আসে।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, মা এইচআইভি ভাইরাস আক্রান্ত হলে সন্তান নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকে। যদি নিতান্তই সন্তান নিতে হয়, সে ক্ষেত্রে আগে তাঁদের শরীরে ওষুধ প্রয়োগের মাধ্যমে ভাইরাসটিকে একটা পর্যায়ে নিতে হবে। গর্ভধারণ করার পরও তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এ ছাড়া প্রসবকালীন সাবধানতা অবলম্বন করতে হয়। প্রসবের পরপরই বাচ্চাকে এইচআইভি প্রতিরোধক ওষুধ দিতে হয়।