এইচআরএফবির নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক স্থাপনা এবং নারী, শিশুসহ সাধারণ মানুষের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে এ দেশে মানবাধিকার নিয়ে কাজ করা ২০টি সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
গতকাল মঙ্গলবার ফোরামের আহ্বায়ক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কাছে তাদের নিজ নিজ রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এ হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আরব দেশগুলোর নীরবতা এবং বিশেষত যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতার কারণে বিশ্বজনমতের তোয়াক্কা না করে ইসরায়েল এ হামলা অব্যাহত রেখেছে। বৃহৎ শক্তিগুলোর ঐকমত্যের অভাবে জাতিসংঘও এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। তাই অবিলম্বে এ হামলা বন্ধে এবং ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য বিশ্বনেতৃত্ব ও জাতিসংঘকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনটির সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক যুক্ত বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি উন্মাদনা, নারী-শিশু ও নিরস্ত্র মানুষকে হত্যা এবং ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিরোধ মীমাংসার পথ কখনো যুদ্ধ বা অস্ত্র হতে পারে না। এর জন্য প্রয়োজন সংলাপ, ধৈর্য ও কূটনৈতিক তৎপরতা। এ জন্য বিশ্বনেতৃত্ব ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।
ইসরায়েলি পতাকা পুড়িয়ে প্রতিবাদ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি এবং বাংলাদেশ লেবার পার্টি আলাদা মানববন্ধন করেছে। লেবার পার্টির মানববন্ধনে ইসরায়েলের পতাকায় আগুন লাগিয়ে গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
সিভিল রাইটস সোসাইটির মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধী এবং সন্ত্রাসী রাষ্ট্র। গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে বিচারের মুখোমুখি হতে হবে। নারীদের হত্যা করা হচ্ছে, যাতে আর ফিলিস্তিনি শিশু জন্ম নিতে না পারে। শিশুদের হত্যা করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিহ্ন করার জন্য।
সিভিল রাইটস সোসাইটির মানববন্ধনে ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ঢাকায় জাতিসংঘ অফিস এবং মার্কিন ও ব্রিটিশ দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
লেবার পার্টির মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী জোটগুলোর প্রত্যক্ষ মদদ ও যোগসাজশে গাজায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। আত্মরক্ষার নামে এই অভিযান পরিচালিত হলেও এটি আক্রমণাত্মক অভিযান।
মানববন্ধনে বক্তারা বিশ্ব নেতৃবৃন্দ ও আরব নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করেন। তাঁরা বলেন, এ রকম সভা-মানববন্ধন নয়, বরং ওষুধ, অর্থ সংগ্রহ করে জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য পাঠানো গেলেই ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকৃত সংহতি প্রকাশ করা হবে।