এইচআরডব্লিউকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) মন্তব্য আদালতের জন্য চরম অবমাননাজনক। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার সময় এইচআরডব্লিউকে সতর্ক ও শ্রদ্ধাশীল থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এইচআরডব্লিউর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে দেওয়া আদেশে গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এ কথা বলেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনালের সামনে প্রথমবারের মতো এইচআরডব্লিউর বিরুদ্ধে অবমাননার অভিযোগ আসায় এটিকে উদার দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়েছে। এইচআরডব্লিউর অভিযুক্ত কর্মকর্তাদের সাজা না দিয়েই অভিযোগ নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, এইচআরডব্লিউ একটি নামকরা প্রতিষ্ঠান এবং তারা দাবি করে, তারা দুস্থ ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে। ট্রাইব্যুনাল আশা করে, তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবে।
গত বছরের ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন। ১৬ আগস্ট এই রায়কে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে এইচআরডব্লিউ তাদের ওয়েবসাইটে ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক একটি বিবৃতি প্রকাশ করে। এতে তারা দাবি করে, গোলাম আযমের বিচার-প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ এবং এতে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি। এ বিষয়ে ১৯ আগস্ট প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, এশিয়া অংশের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস ও সহযোগী স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ২ সেপ্টেম্বর এইচআরডব্লিউর বিরুদ্ধে রুল দেন ট্রাইব্যুনাল। রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, সুলতান মাহমুদ, তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। এইচআরডব্লিউর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান ও মো. আনিসুল হাসান।
গোলাম আযমের রায় নিয়ে এইচআরডব্লিউর বিবৃতির বিষয়ে ট্রাইব্যুনাল আদেশে বলেন, প্রকৃত ও পর্যাপ্ত তথ্য না জেনেই ওই বিবৃতির মাধ্যমে আদালত ও বিচারকদের চরম অবমাননা করা হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রত্যেক সাক্ষীকে আসামিপক্ষ সন্তুষ্টি নিয়ে দীর্ঘ সময় ধরে জেরা করেছে। এ ছাড়া আসামিপক্ষকে ১২ জন সাক্ষী আনার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আসামিপক্ষ মাত্র একজনকে (গোলাম আযমের ছেলে) সাক্ষী হিসেবে এনেছে। ওই সাক্ষী আসামির পক্ষে কার্যক্রমগত সব ধরনের সুবিধা গ্রহণ করেছেন। এ জন্য এ কথা কখনোই ঠিক নয় যে গোলাম আযমের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। এটা খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত যে মামলার কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত ও সঠিক তথ্য না জেনেই এইচআরডব্লিউ তাদের ওয়েবসাইটে অবমাননাজনক মন্তব্যসহ বিবৃতি প্রকাশ করেছে। সঠিক তথ্যভিত্তিক সমালোচনা সব সময় গ্রহণযোগ্য। কিন্তু বিকৃত ও ভুল তথ্যভিত্তিক সমালোচনা আদালতের মর্যাদাকে ক্ষুণ্ন করে।
আদালত অবমাননা কী এবং কীভাবে আদালত অবমাননা হতে পারে—৪৩ পৃষ্ঠার আদেশে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন ট্রাইব্যুনাল। গণতান্ত্রিক চর্চা হিসেবে কথা বলা ও সমালোচনার অধিকারের সঙ্গে আদালত অবমাননার পারস্পরিক সম্পর্কও আদেশে তুলে ধরা হয়।