নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) র্যাব বিলুপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছে, সরকার ওই চিঠির ভিত্তিতে কোনো ব্যবস্থা নেবে না। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমনটাই বলেছেন।
আজ এইচআরডব্লিউ এক বিজ্ঞপ্তিতে বলেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের ঊর্ধ্বে। যত দ্রুত সম্ভব এ বাহিনীকে বিলুপ্ত করা উচিত। বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংস্থাটি চিঠি দিয়েছে।
শিল্পমন্ত্রী এ ব্যাপারে বলেন, ‘এটি দেশীয় বিষয়। এটি তাদের (এইচআরডব্লিউ) বিষয় নয়। তাদের চিঠির ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’
চিঠিতে সংস্থাটি বলেছে, র্যাব কীভাবে ডেথ স্কোয়াড হিসেবে কাজ করছে, তারই আরেকটি উদাহরণ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব কর্মকর্তাদের জড়িত থাকার ঘটনা।
মানবাধিকার সংস্থাটির মতে, ২০০৪ সালে বিএনপির হাতে র্যাব গঠিত হলেও পরবর্তী দশকে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবকে কোনো জবাবদিহি ছাড়াই কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়। এতে গুরুতর ও কাঠামোগত অপরাধে তারা জড়িয়ে পড়ে। গত ১০ বছরে নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারসহ প্রায় ৮০০ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় এ বাহিনীটিকে।