অভিযোগ ‘অযৌক্তিক’: আইনমন্ত্রী
এইচআরডব্লিউর বিবৃতি: গোলাম আযমের বিচার প্রক্রিয়া ছিল ‘ত্রুটিপূর্ণ’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিচারপ্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ’ ছিল এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি। গতকাল শুক্রবার নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ কথা বলেছে।এদিকে আইনমন্ত্রী শফিক আহমেদ এইচআরডব্লিউর বিবৃতিকে ‘ভিত্তিহীন’ ও ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। গতকাল এইচআরডব্লিউর বিবৃতি প্রকাশিত হওয়ার পর বার্তা সংস্থা ইউএনবিকে টেলিফোনে মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেওয়ার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নিজ উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা করতে পারেন না। ট্রাইব্যুনালের তদন্তের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরাও অবগত ছিলেন না বলে বিচারকদের সংগৃহীত তথ্য-প্রমাণের বিরুদ্ধে তাঁরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে বা কথা বলতে পারেননি। ফলে তা বেসামরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১৪ ধারাকে লঙ্ঘন করেছে। কারণ, বাংলাদেশও এই চুক্তিতে সই করেছে।আইনমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের জন্য পর্যাপ্ত সুযোগ ও সময় দেওয়া হয়েছে। কাজেই ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।