এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মজীনার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা, ফাইল ছবি
ড্যান ডব্লিউ মজীনা, ফাইল ছবি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিরা আদালত অবমাননার অভিযোগ আনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।আজ বুধবার ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক খবরে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রদূত মজীনা নিজের উদ্বেগের কথা জানিয়ে বলেন, মানবাধিকার নিয়ে এইচআরডব্লিউর মতো একটি মানবাধিকার সংস্থার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে।

খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।এর কারণ হিসেবে বলা হয়, এক বিবৃতিতে সংস্থাটি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ত্রুটিপূর্ণ’ এবং এই রায়ে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি বলে উল্লেখ করেছে।

১৬ আগস্ট শুক্রবার ওই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, গোলাম আযমের রায়ে ট্রাইব্যুনাল নিজে থেকে তদন্ত করেছেন এবং রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগসাজশে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গোলাম আযম দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাঁকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন।তবে এ রায়ের বিরুদ্ধে বাদী ও বিবাদী দুই পক্ষই উচ্চ আদালতে আপিল করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দাখিল করা আবেদনে বলা হয়, এই বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ‘পক্ষপাতমূলক’, ‘ভিত্তিহীন’, ‘সম্পূর্ণরূপে মিথ্যা’ এবং ‘অসত্ উদ্দেশ্যপ্রণোদিত’। এ ছাড়া রায়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা অনৈতিক।