এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, এইচআরডব্লিউর পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস ও সহযোগী স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি বিষয়ের ব্যাখ্যাসহ নোটিশের জবাব দিতে হবে। ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল সুনির্দিষ্টভাবে তিনটি বিষয়ে এইচআরডব্লিউর ব্যাখ্যা চেয়েছেন। প্রথমত, গোলাম আযমের বিরুদ্ধে মামলা সম্পর্কে এইচআরডব্লিউ অনৈতিকভাবে পাঁচটি মন্তব্য করেছে, যার মধ্যে দুটির বিষয়বস্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও সত্য অনুসন্ধানের প্রক্রিয়া অবলম্বন না করে এইচআরডব্লিউ মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রকাশ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাইব্যুনালের বিচারকদের ভূমিকা ও বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তৃতীয়ত, এইচআরডব্লিউর প্রতিবেদনের মাধ্যমে দেশে-বিদেশে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানি ঘটেছে। এই তিনটি বিষয়ে এইচআরডব্লিউকে ব্যাখ্যা দিতে হবে।
গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে রায় দেন। ১৬ আগস্ট এক বিবৃতিতে এইচআরডব্লিউ দাবি করে, গোলাম আযমের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি।
২০ আগস্ট রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আনে। ২২ আগস্ট শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, এইচআরডব্লিউর পর্যবেক্ষণ ভিত্তিহীন, পক্ষপাতদুষ্ট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মন্তব্যের উদ্দেশ্য হলো ট্রাইব্যুনাল ও এর কর্মকাণ্ডকে বিতর্কিত করা এবং ট্রাইব্যুনালের প্রতি মানুষের আস্থা নষ্ট করা। গতকাল ছিল আদেশের জন্য ধার্য দিন।