এইচআরডব্লিউর বিষয়ে আদেশ ২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আবেদনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ গত মঙ্গলবার এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম গ্রহণের আরজি জানিয়ে আবেদন জমা দিয়েছিল।১৬ আগস্ট এইচআরডব্লিউ ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক এক বিবৃতিতে দাবি করে, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি।গতকাল প্রথমে শুনানি করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রেক্ষাপট এবং এ পর্যন্ত বিচারিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। পরে রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি তাপস কান্তি বল বিশ্বজুড়ে এইচআরডব্লিউর বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দেন। সবশেষে আইনগত বিষয়ে যুক্তি দেন কৌঁসুলি তুরিন আফরোজ। শুনানিতে তিনি বলেন, এইচআরডব্লিউর বক্তব্য ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ন করেছে। তাদের কোনো জবাবদিহি নেই। যারা তাদের অর্থায়ন করে, তারা তাদের (অর্থায়নকারীদের) উদ্দেশ্য পূরণ করে। তিনি ট্রাইব্যুনালের দর্শনার্থী নথির সাতটি খণ্ড পর্যালোচনা করেছেন। কিন্তু কোথাও এইচআরডব্লিউর কোনো পর্যবেক্ষক বা প্রতিনিধির নাম পাননি। তাহলে তারা কীভাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকদের ‘যোগসাজশ’ খুঁজে পেল?ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করেছেন—এইচআরডব্লিউর এমন বক্তব্যের প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রায় ঘোষণা হয় গত ১৫ জুলাই। পরদিন তিনি দেশের আটটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করেছেন। ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে তদন্ত করেছেন, এমন কথা তিনি কোনো পত্রিকায় পাননি। বরং ট্রাইব্যুনাল বলেছেন, রায় সমৃদ্ধ করতে ট্রাইব্যুনাল রেফারেন্স বইয়ের সাহায্য নিয়েছেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবীরাও এ নিয়ে কোনো আপত্তি তোলেননি। অথচ এইচআরডব্লিউর এই পর্যবেক্ষণ ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা শুধু ট্রাইব্যুনালের ক্ষতি করেনি, বরং মানবসভ্যতার জন্য ক্ষতির কারণ হয়েছে। এইচআরডব্লিউর ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যাবে, কেন তারা এটা করেছে।গোলাম আযমের বিরুদ্ধে রায়ের সমালোচনা করে এইচআরডব্লিউ পাঁচটি পর্যবেক্ষণ তুলে ধরেছিল। এগুলো হলো, ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করেছেন; রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বিচারকদের মধ্যে পরস্পর যোগসাজশ ও পক্ষপাত রয়েছে; আসামিপক্ষের সাক্ষীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়নি; ট্রাইব্যুনালের বিচারক পরিবর্তন করা হয়েছে এবং সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণের জন্য সাক্ষ্যের অপর্যাপ্ততা রয়েছে। এর মধ্যে প্রথম দুটি পর্যবেক্ষণের বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড এডামস ও সহযোগী স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরুর আরজি জানানো হয়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিন্দা: এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল দুপুরে সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এ নিন্দা জানানো হয়। সমিতি এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানায়।