এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড পেল পাঁচ প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে যে সংকট দেখা দিয়েছে, তাকে সম্ভাবনায় পরিণত করতে হবে। আমাদের উন্নয়নের চিন্তা ও তৎপরতাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হয় এমন সব কাজ বন্ধ করে সুন্দর পৃথিবী গড়ার পথ বের করতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে তা অবশ্যই সম্ভব হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের জন্য এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে একটি প্রজাপতি পার্ক স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখায় বাটারফ্লাই পার্ক বাংলাদেশ লিমিটেডকে সবুজ ব্যবসায় ‘ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’, গৃহস্থ বর্জ্য জ্বালানি শক্তি হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়ায় রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন ও কেনপার্ক বাংলাদেশ অ্যাপারেল প্রাইভেট লিমিটেডক ‘গ্রিন অপারেশন অ্যাওয়ার্ড’, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ‘নলেজ ম্যানেজমেন্ট ক্লাইমেট অ্যাওয়ার্ড’ এবং টাঙ্গাইল বন বিভাগকে স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করায় ‘ক্লাইমেট চ্যাম্পিয়ন অন কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান এবং এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিলকি।মাহফুজ আনাম তাঁর বক্তৃতায় বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে যারা দূর-ভবিষ্যতের বিষয় মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে। কেননা, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ঝড় স্যান্ডি এবং বাংলাদেশে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ জানান দিয়ে যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তাই এখনই আমাদের তা মোকাবিলার উদ্যোগ নিতে হবে। উন্নয়ন পরিকল্পনাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।’রোকেয়া আফজাল রহমান বাংলাদেশের বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেওয়া নানা উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে সুন্দরবন এলাকায় ঘরে ঘরে জ্বালানি সাশ্রয়ী চুলা ও পানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে সুন্দরবনের কাঠ কাটা কমেছে। এ ধরনের আরও উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।