ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি ব্যাংক এইচএসবিসি যৌথভাবে ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস’ প্রবর্তন করেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং এর ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্যে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করছে, তাদের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর চারটি বিভাগে ওই পুরস্কার দেওয়া হবে। বিভাগ চারটি হলো—জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো (ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন), জলবায়ু পরিবর্তন প্রশমন (ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন), জলবায়ুবিষয়ক গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা (ক্লাইমেট চেঞ্জ রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট) ও পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ (গ্রিন বিজনেস এন্ট্রাপ্রেনিউরশিপস)।দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের অন্যতম সমস্যা। পুরো জাতিকে এই সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ওই পুরস্কারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত গবেষণা, অভিযোজন প্রক্রিয়া, ক্ষতি কমানোর কাজগুলোকে উৎসাহিত করা সম্ভব হবে। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তাদের সেই অবদানকে স্বীকৃতি দেওয়া, উৎসাহ প্রদান ও পুরস্কৃত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।’ অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের জনসংখ্যা আর না বাড়লেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় তিন কোটি মানুষ বাস্তুচ্যুত হবে।এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় প্রকাশ সংবাদ সম্মেলনে পুরস্কারের বিভাগগুলোর ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়:www.hsbc.com.bd ও www.thedailystaৎ.net—এই দুটি ওয়েবসাইটে পুরস্কারসম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওয়েস্ট কনসার্ন নামের একটি প্রতিষ্ঠান এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডসের নলেজ পার্টনার।