এইচএসবিসি-ডেইলি স্টার 'জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নস' শুরু হচ্ছে
বাংলাদেশের স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের জন্য এইচএসবিসি-ডেইলি স্টার প্রথমবারের মতো শুরু করছে জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এ প্রতিযোগিতার লক্ষ্যে। গতকাল রোববার ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, নবীনদের এই বোধ তৈরি হওয়া দরকার যে বাবা, মা, বা বন্ধুদের সঙ্গে যেমন ব্যক্তিগত সম্পর্ক, পরিবেশের সঙ্গেও সম্পর্কটা তেমনি ব্যক্তিগত। নিজেকে পরিবেশের অংশ ভেবে এর প্রতি দায়িত্বশীল হওয়াটা জরুরি। এইচএসবিসি বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু টিল্ক বলেন, ‘পরিবেশ সচেতনতার শুরুটা অল্প বয়সেই হওয়া উচিত।’ সংবাদ সম্মেলনে আরও আলোচনা করেন ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দীন আহমেদ ও এইচএসবিসির যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার। প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটি বিভাগের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পোস্টার ডিজাইন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে ৩০ আগস্ট এবং জাতীয় পর্যায়ে ২২ সেপ্টেম্বর।
প্রতিযোগিতায় আগ্রহী শিক্ষার্থীদের www.juniorclimatechampion.com ঠিকানায় ২০ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। আজ থেকে এই নিবন্ধন শুরু হবে।