তৃতীয় শ্রেণীতে পড়ে সাকির হোসেন। তার বাবা নেই। থাকে রাজধানীর আঞ্জুমান মুফিদুল ইসলামের এতিমখানায় (বালক হোম)। প্রতিদিনের গৎবাঁধা খাবারের বদলে গতকাল রোববার সে পেয়েছে উন্নতমানের ইফতার ও রাতের খাবার। তাই সে খুব খুশি। শুধু শাকির নয়, ওই এতিমখানার আড়াই শ ছেলেমেয়ের মধ্যে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল ওই ইফতারির আয়োজন। প্রথম আলোর যাত্রাবাড়ী বন্ধুসভা-এইচএসবিসি ব্যাংক যৌথভাবে এতিমখানায় ইফতার ও রাতের খাবরের আয়োজন করে। গেন্ডারিয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলামের বালিকা হোমসের নিচে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলামের এতিমখানার দুটি অংশ। একটি বালক হোমস, অন্যটি বালিকা হোমস। দুটি হোমস মিলে সেখানে থাকে প্রায় আড়াই শ ছেলেমেয়ে। তাদের কারও বাবা নেই, কারও বাবা-মা কেউ-ই নেই। পরিবারের সঙ্গে না থাকায় রমজান মাসে রুটিন করা খাবারের বাইরে অন্য রকমের খাবারের সুযোগ মেলে কম। গতকাল ছিল কিছুটা ব্যতিক্রম। তাই সবার মুখেই আনন্দের ঝলক।ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাজমুল হোসেন জানায়, তার বেশ ভালো লাগছে। প্রথম আলোর বন্ধুসভা তাদের জন্য ইফতার ও রাতে ভালো খাবরের আয়োজন করেছে। এ জন্য সে ও তার বন্ধুরা সবাই খুশি।বালিকা হোমসের সহকারী পরিদর্শক খালেদা জাফরিন প্রথম আলোকে বলেন, এখানে যারা থাকে তারা অন্য সাধারণ আট ১০টা শিশুর চেয়ে আলাদা। তারা অনেক কিছু থেকেই বঞ্চিত। এই আয়োজনে ছেলেমেয়েরা খুবই সন্তুষ্ট হয়েছে। এক দিনের জন্য হলেও তাদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছে।প্রথম আলো যাত্রাবাড়ী বন্ধুসভার সভাপতি মেজবাহ উদ্দীন বলেন, প্রথম আলো বন্ধুসভা সারা দেশে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। এ বছর এইচএসবিসি ব্যাংকের সহায়তায় বিভিন্ন স্থানে এতিম শিশুদের মধ্যে উন্নতমানের ইফতার ও রাতের খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম এতিমখানায় এ আয়োজন করা হয়।