এইচএসবিসির ৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
আমানতকারীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি ব্যাংক) তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন এ অনুমোদন দেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন ব্যাংকটির ঢাকার একটি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান, সেলস অ্যাসোসিয়েট মোজাম্মেল হোসেন ও মারুফ হোসেন।
দুদক সূত্র জানায়, আমানতকারী জহির উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২ জানুয়ারি এইচএসবিসি ব্যাংকের প্যানেল আইনজীবী এমরান আহম্মদ ভূঁইয়া ৬ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৭৪ টাকা আত্মসাতের অভিযোগ এনে বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয় ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান এবং ব্যাংকের দুই গ্রাহক রমনা ইস্কাটন গার্ডেনের বাসিন্দা মেহেরুন্নেসা শম্পা এবং নিউ এলিফ্যান্ট রোডের বাসিন্দা শফিউল্লাহকে।
অর্থ আত্মসাতের অভিযোগটি দুদকে আসার পর উপপরিচালক রেভা হালদার তদন্ত করেন। তাঁর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটি থেকে জহির উদ্দিন নামে এক আমানতকারীর ৪ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ হয়েছে। যা ব্যাংকটির তিন কর্মকর্তা যোগসাজশে হাতিয়ে নিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এইচএসবিসি ব্যাংকের আমানতকারী জহির উদ্দিন তিনটি ব্যক্তিগত হিসাব খোলেন। পরে তাঁর নামে আরও তিনটি ব্যাংক হিসাব খোলা হয়। প্রতিটি ব্যাংক হিসাব খোলার সময় তাঁর বর্তমান ঠিকানা বড় মগবাজার ও স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার ভেড়ামারা উল্লেখ করা হয়। জহির উদ্দিন হিসাব খোলার পর বড় অঙ্কের ওয়েজ অর্নার বন্ড কেনেন। পরে তিনি বিদেশ চলে যান। এরই মধ্যে জহির উদ্দিনের হিসাব ফরম, স্বাক্ষর কার্ড এবং চেক ইস্যু রেজিস্ট্রারসহ সব ধরনের রেকর্ডপত্র ব্যাংক থেকে গায়েব হয়ে যায়। আর সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা পারস্পরিক যোগসাজশে বন্ড ভাঙিয়ে তাঁর হিসাব থেকে টাকা তুলে নেন। পরে আমানতকারী বন্ড ভাঙানোর আবেদন করলে জানতে পারেন, তার বন্ড আগেই ভাঙানো হয়ে গেছে।
দুদকের তদন্তে ঘটনার সঙ্গে দুই গ্রাহকের সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় তাঁদের খালাসের সুপারিশ করা হয়। নতুন আসামি হিসেবে ব্যাংকটির দুই কর্মকর্তা মোজাম্মেল ও মারুফের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
ব্যাংকের নিজস্ব তদন্তেও এঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে কমিশন ব্যাংকটির তিন কর্মকর্তার বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয় কমিশন। শিগগিরই দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেবেন বলে দুদক সূত্র জানিয়েছে।