এইচএসবিসি-ডেইলি স্টার পুরস্কৃত করল ৩৩ শিক্ষার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সম্পর্কে সচেতনতার অংশ হিসেবে নতুন প্রজন্মের ৩৩ জনকে পুরস্কৃত করল ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও এইচএসবিসি ব্যাংক। দেশের তিন বিভাগের স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা করে, জলবায়ুবিষয়ক প্রকল্প জমা দিয়ে এবং পোস্টার-ছবি এঁকে এই পুরস্কার পায়।
এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপ-২০১৪’।
গতকাল শনিবার বাংলা একাডেমিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সিস ডি ম্যারিকোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার প্রেক্ষাপট, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও স্বাধীনতা অর্জনের নানা দিক তুলে ধরা হয়। এর ফাঁকে চলে নৃত্য পরিবেশনা।
পুরস্কার দেওয়ার আগে আসাদুজ্জামান নূর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের বেঁচে থাকার সবকিছুই বই থেকে পাওয়া যাবে না। বইয়ের বাইরেও অনেক কিছু আছে। ‘জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপ’ বইয়ের বাইরের আয়োজন। এখান থেকে যা শেখা যাবে, তা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
শিক্ষার্থী ও আগত অভিভাবকদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, আজকে শিক্ষার্থীদের ওপর জিপিএ-৫ নির্যাতন চলছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই এর পেছনে ছুটছেন। তাঁদের বেশির ভাগের মনেই ফুল, পাখি, সবুজ মাঠ, আকাশ নেই। তিনি আরও বলেন, ‘আমি অভিভাবকদের পেলেই বলি, যাঁদের বই পড়ে শিক্ষার্থীরা জিপিএ-৫ পাচ্ছে, ওই বইয়ের লেখকেরা তো জিপিএ-৫ পাননি।’
মাহ্ফুজ আনাম বলেন, জীবন মানেই প্রতিযোগিতা। তবে বিদ্যালয়ে প্রথম হওয়ার জন্য যে প্রতিযোগিতা হয় এর পেছনে ব্যক্তির উন্মেষের বিষয় জড়িত। আর জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপ এমন একটা প্রতিযোগিতা, যার মাধ্যমে সব মানুষকে রক্ষার বিষয় সম্পর্কে সচেতন হওয়া যাবে।
ফ্রান্সিস ডি ম্যারিকোর্ট বলেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণায় বিশ্বব্যাপী এইচএসবিসি সেরা। ডেইলি স্টারও বাংলাদেশের জলবায়ু নিয়ে ব্যাপকভিত্তিক কাজ করছে। পৃথিবীকে আরও বেশি বাসযোগ্য করার লক্ষ্যে সম্মিলিত প্রয়াসের অংশ হিসেবে এই আয়োজন।
এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে। অংশ নেয় ৭ হাজার ২০০ শিক্ষার্থী। চূড়ান্তপর্বে উত্তীর্ণ হয় ২৩৩ জন। এর মধ্য থেকে সেরা ৩৩ জনকে বাছাই করে তাদের হাতে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বিজয়ীরা ছয় মাস বিনা মূল্যে ডেইলি স্টার পত্রিকা পাবে।
এই প্রতিযোগিতার সহযোগী ছিল ওয়েস্ট কনসার্ন। প্রতিযোগিতার শুরু হয় ২০১৩ সালে।