এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬৪ জন পরীক্ষার্থীকে। আর প্রবেশপত্র হাতে পেয়েও অনুপস্থিত ছিলেন সাত হাজার ৭১৪ জন শিক্ষার্থী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ সালের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম এবং ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর হিসাব অনুযায়ী, এবার ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। প্রথম দিনে ছিল বাংলা পরীক্ষা।শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাব অনুযায়ী প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন দুই হাজার ৫৪ জন জন, রাজশাহীতে ৭৭৯, কুমিল্লায় ৬৯৬, যশোরে ৭৪০, চট্টগ্রামে ৪৪৪, বরিশালে ২৮৬, সিলেটে ৩৬৩ ও দিনাজপুর বোর্ডে ৬১৫ জন। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে এক হাজার ১৭৯ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৫৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।এইচএসসিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে চার, রাজশাহী বোর্ডে পাঁচ, যশোরে চার, চট্টগ্রামে দুই, বরিশালে এক ও দিনাজপুর বোর্ডে তিনজন শিক্ষার্থী রয়েছেন। কুমিল্লা ও সিলেট বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি। আর এইচএসসি বিএমে ৪০ জন ও মাদ্রাসা বোর্ডের আলিমে পাঁচজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নূর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সব পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান। কুষ্টিয়া অফিস জানায়, দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস কলেজ কেন্দ্রে ১৬ জন ছাত্রী গতকাল অংশ নিতে পারেননি। অভিযোগ পাওয়া গেছে, আবেদনপত্র পূরণ করেও তাঁরা প্রবেশপত্র পাননি। পরীক্ষার্থীরা দৌলতপুর উপজেলার ডাংমড়কা ড. ফজলুল হক গার্লস কলেজের ছাত্রী।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া তাপসী রাবেয়া মহিলা কলেজের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এই কলেজের কেন্দ্র ছিল উল্লাপাড়া বিজ্ঞান কলেজে। প্রথমবারের মতো এই কলেজের পরীক্ষার্থী ছিল ১২ জন।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ রবিউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁর কলেজের ছাত্রীরা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। কেন্দ্র তাদের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার। ভালো যোগাযোগব্যবস্থা না থাকায় তারা এ বছর কেউ পরীক্ষা দেবে না বলে অনেক আগেই তাঁকে (অধ্যক্ষ) জানিয়েছে। তবে পরের বছর ছাত্রীদের কেন্দ্র শাহজাদপুর সরকারি কলেজে নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে।’যোগাযোগ করা হলে কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হামিদ প্রথম আলোকে জানান, পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে অধ্যক্ষের ব্যাখ্যা যৌক্তিক কারণ হতে পারে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি বিএম পরীক্ষা চলাকালে রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ কেন্দ্রে নকলের দায়ে ২০ ছাত্রকে বহিষ্কার এবং তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।