এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ এপ্রিল রোববার থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের ৮টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি শিক্ষা বোর্ড থেকে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এবার ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র ও ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে—এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের কাছে আনন্দদায়ক ও উৎসবমুখর হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য তাই তিনি শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।
নাহিদ বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের ও শ্রবণপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বাড়ানো হয়েছে।