এইচএসসি কেন্দ্র স্থাপনে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আজ ৫ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কতিপয় কর্মকর্তা অধিকাংশ কলেজ কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ভেন্যুর নামে নতুন কেন্দ্র দিয়েছেন।বিশেষত জেলার ২৩টি কেন্দ্রের মধ্যে ১৪টিতেই ভেন্যু দেওয়া হয়। এমনকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষরা নিয়মবহির্ভূতভাবে ওই সব ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তাও হয়েছেন। ভেন্যুগুলো প্রতিষ্ঠান-সংলগ্ন হওয়ায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় নকল ও অনিয়মের আশঙ্কা বেড়ে যাবে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরে অবস্থিত গাইবান্ধা সরকারি কলেজ থেকে সরকারি মহিলা কলেজের দূরত্ব প্রায় ৮০০ গজ। কলেজ দুটিতে অবকাঠামো ও বেঞ্চসংকট নেই। তার পরও দুই কলেজের মধ্যে অবস্থিত গাইবান্ধা আদর্শ কলেজে পৃথক কেন্দ্র স্থাপন করা হয়েছে। আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাহিদ হোসেন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ভেন্যু নেওয়া হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মানুযায়ি যে কলেজে কেন্দ্র হবে সেই কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিজের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবেন না। কিন্তু ভেন্যু স্থাপন করে নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম উৎকোচ নিয়ে ভেন্যুর নামে নতুন কেন্দ্র দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আইনের অনেক ফাঁক রয়েছে। কারণ নিয়মানুযায়ী নিজ কলেজের পরীক্ষার্থীরা তাদের কলেজে পরীক্ষা দিতে পারবে না। তবে নিজ কলেজের পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রভুক্ত হতে পারবে না, তা বলা হয়নি। তাই এসব কেন্দ্র ও ভেন্যু দেওয়া হয়েছে।