এইচএসসি পরীক্ষা হবে হরতাল অবরোধেও
হরতাল-অবরোধ থাকলেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ এপ্রিল বুধবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর কোনো ব্যত্যয় হবে না।
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পরীক্ষা হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। ওই তারিখের পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে নেওয়া হবে, যা পরে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেসব প্রস্তুতি দরকার, তার সবই নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষার কেন্দ্রের আশপাশের সব ফটোকপি মেশিন বন্ধ রাখা হবে। কোচিং সেন্টারগুলো কড়া নজরদারিতে রাখা হবে।
কোনো দল বা সংগঠনের নাম উল্লেখ না করে শিক্ষামন্ত্রী আরও বলেন, সবার কাছে অনুরোধ, দয়া করে আর শিক্ষায় বাধা সৃষ্টি করবেন না।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের কারণে ১৮ দিন পিছিয়ে গত শনিবার শেষ হয়েছে এসএসসির লিখিত পরীক্ষা।