এইচএসসি পরীক্ষার আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং!
আগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু হলেও এবার কয়েকটি কোচিং সেন্টার পরীক্ষার কয়েক মাস আগেই তা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করায় তারা এই আগাম কোচিং করাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের প্রস্তুতিতে এগিয়ে থাকবেন—এমন ভাবনায় কিছু শিক্ষার্থী ও অভিভাবক আগাম কোচিংয়ে আগ্রহও দেখাচ্ছেন। অবশ্য তাঁরা বলছেন, এটি পরীক্ষার্থীদের ওপর বাড়তি চাপ ফেলবে।
আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রক্রিয়া। কিন্তু রাজধানীর কয়েকটি কোচিং সেন্টার গত নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিংয়ের জন্য এইচএসসি পরীক্ষার্থীদের ভর্তি করছে। দু-একটি কোচিং সেন্টারে ক্লাসও শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের অন্যতম কারণ ছিল কোচিং-বাণিজ্য কমানো।
কোচিং সেন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের পর তাঁরাও কৌশল বদলেছেন। আগে তাঁরা কেবল দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে আগ্রহীদের আগাম কোচিং করাতেন। ফলে এক ভর্তি পরীক্ষা থেকে পরের বছরের ভর্তি পরীক্ষা পর্যন্ত পুরোনো ছাত্রদের কোচিং চলত। এবার তা বন্ধ হওয়ায় তাঁরা প্রথমবার ভর্তি পরীক্ষা দেবেন—এমন শিক্ষার্থীদের আগাম কোচিংয়ে আকৃষ্ট করছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের জন্য কোচিংও চলছে।
রাজধানীর নামকরা একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মনির হোসেন ফার্মগেটের একটি কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং শুরু করেছেন নভেম্বরে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোচিং সেন্টার থেকে বলা হয়েছে, সেখানে ভর্তি হলে এইচএসসি পরীক্ষার বাংলা, ইংরেজির জন্য ভালো প্রস্তুতি হবে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কাজে লাগবে।’
অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুজন শিক্ষক বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন ভিন্ন।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘এখন তো উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ থেকে ভর্তি কোচিং করানো হচ্ছে, ভবিষ্যতে হয়তো প্রথম বর্ষ থেকেই শুরু হবে।’ তাঁর মতে, উচ্চমাধ্যমিকের সিলেবাস ভালো করে শেষ করলে এবং সাধারণ বিবেচনা কাজে লাগালেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করায়—রাজধানীর এমন সাতটি প্রতিষ্ঠানে যোগাযোগ করে জানা গেছে, তারা মনে করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চলতি জানুয়ারির মধ্যে বদল না হলে আগামী মাস থেকে তারা পুরোদমে ভর্তি কোচিং শুরু করবে।
সাইফুরস কোচিং সেন্টার অক্টোবরের শেষ দিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তির বিজ্ঞাপন দিচ্ছে। ৬ নভেম্বর প্রকাশিত তাদের বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। বিজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন ছাড় দিয়ে এই কোচিংয়ে ১২ হাজার টাকা লাগবে। শাখাভেদে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা জমা দিয়ে যেকোনো সময় ভর্তি হওয়া যাবে। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার একটি করে ক্লাস হবে। তাই এই কোচিং এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে প্রভাব ফেলবে না।
সাইফুরসের পান্থপথ শাখার ব্যবস্থাপক আহমেদ শাকিল গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগাম কোচিংয়ে এই শাখায় একটি ব্যাচের ক্লাস চলছে। আরও শিক্ষার্থী ভর্তি চলছে।
ইউনিভার্সিটি কোচিং সেন্টার (ইউসিসি) নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার মডেল টেস্টে ভর্তির বিজ্ঞাপন দেয়। ৯ ডিসেম্বর এই ভর্তির বিজ্ঞাপনের নিচের অংশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ১২ ডিসেম্বর ওরিয়েন্টেশন ক্লাস হবে। প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের ভর্তি চলছে।
১২ ডিসেম্বর ইউসিসির প্রধান কার্যালয়ে ওই পরিচিতিমূলক ক্লাসে যোগ দেন এই প্রতিবেদক। সেখানে কথা হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিংয়ের খোঁজ নিতে আসা ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অমল দেবনাথ ও আহসান হাবীবের সঙ্গে। তাঁরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তীব্র প্রতিযোগিতামূলক হওয়ায় আলাদা প্রস্তুতি দরকার। তাই তাঁরা আগে থেকেই কোচিং করতে চান।
ডিসেম্বরের শেষ দিকে ইউসিসির প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে জানানো হয়, এইচএসসি পরীক্ষার আগে সপ্তাহে চার দিন শিক্ষার্থীদের পছন্দমতো সময়ে ভর্তি কোচিংয়ের ক্লাস হবে।
আইকন প্লাস কোচিং সেন্টার ১৪ ডিসেম্বর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং শুরু করেছে। প্যারাগন কোচিং সেন্টার এ মাসে এই ক্লাস শুরু করবে। প্রতিষ্ঠানটি পত্রিকায় দেওয়া কোচিংয়ে ভর্তির বিজ্ঞাপনে দাবি করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিলেবাসের যেগুলো উচ্চমাধ্যমিকের সিলেবাসের সঙ্গে সম্পর্কিত, সেগুলো পরীক্ষার আগে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রয়োজন নেই, সেসব বিষয় পরীক্ষার পর পড়ানো হবে।
ইউনিএইড (কিরণ-কবির-সুমন) কোচিং সেন্টারের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিগগিরই তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং শুরুর তারিখ ঠিক করবেন।
কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক দিলুয়ারা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবিধার জন্য তিনিও তাঁর সন্তানকে আগাম কোচিংয়ে দিতে চান। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির সময় এই কোচিং বাড়তি চাপ সৃষ্টি করলেও কিছু করার নেই। ভালো প্রস্তুতিই বড় কথা। ঢাকার বাইরে থাকেন বলে তাঁর সন্তান এই সুযোগ নিতে পারছে না। তিনি বলেন, শিক্ষার্থীদের কোচিং-নির্ভরতা ও চাপ কমানোর জন্য এইচএসসি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে সমন্বয় করা দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘কোচিং-বাণিজ্যকে নিরুৎসাহিত করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই ব্যবসার মাধ্যমে পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলা হচ্ছে। তবে কোচিং পুরোপুরি বন্ধ করতে সরকারের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও সচেতন হতে হবে।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য যে বিপুলসংখ্যক শিক্ষার্থী কোচিং করতেন, তাঁরা বিরত থাকছেন। এতে কোচিং ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই ভর্তি কোচিং শুরুর চেষ্টা করছেন।