এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ডোমারে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গতকাল বুধবার নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। ডোমার সরকারি কলেজ ও চিলাহাটি সরকারি কলেজের পরীক্ষার্থীরা এই দাবিতে বিক্ষোভ মিছিল করে।শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ১ এপ্রিল সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় ডোমার সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রায় ২৩ কিলোমিটার দূরের চিলাহাটি সরকারি কলেজে। আর চিলাহাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র করা হয়েছে ডোমার সরকারি কলেজে। ডোমার-চিলাহাটির যোগাযোগব্যবস্থা তেমন ভালো নয়। তাই এত পথ পাড়ি দিয়ে কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। শিক্ষার্থীদের দাবি, একই উপজেলার অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র দিলে এ সমস্যার সমাধান হয়।ডোমার সরকারি কলেজের উপাধ্যক্ষ ওবাইদুর আনোয়ার প্রথম আলোকে বলেন, অন্যান্য বছর ডোমার সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো ডোমার মহিলা ডিগ্রি কলেজে। চিলাহাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ে। কিন্তু এবার কেন্দ্র পরিবর্তনের নির্দেশ এসেছে। এতে শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হবে।কার্যালয় ঘেরাওয়ের সত্যতা নিশ্চিত করে ইউএনও নাজমুল হুদা বলেন, পরীক্ষার্থীদের অসুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।