কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০১১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল গতকাল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। এতে আবেদনকারী সাত হাজার ৯০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ রয়েছে দুটি। অন্য আবেদনকারীদের ফল অপরিবর্তিত রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর অফিস চলাকালে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট দেওয়া হবে। এ ক্ষেত্রে আগে প্রাপ্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট অধ্যক্ষদের মাধ্যমে বোর্ডে জমা দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল বোর্ডের ওয়েবসাইট www.comillaboard.gov.bd-তে ও কুমিল্লা শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, পরিবর্তিত ফলাফল অনুযায়ী রোল নম্বর ১৫৫৮৫৭ ও ১৫৮৬৭২ জিপিএ-৫ পেয়েছে। ফল পরিবর্তিত অন্য রোল নম্বরগুলো হলো: ১৫০১২৮, ৫৫১২৬৩, ১৫০৬৪১, ৩৫২৯৯১, ১৫১৯৮৯, ৩৫৪৮৬০, ৩৫৫০১২, ৫৫৮১৬৭, ৫৬২৬৩৬, ৫৬২৭৬৬, ১৫৪৩৯৮, ৩৬০০৭০, ৩৬০০৯৫, ১৫৬৩২৮, ১৫৭১২৩, ১৫৭৪৪৮, ৫৭৫৩৯১, ১৫৮৭২৬, ১৫৮৯২৫, ১৫৯৮৪৫, ৩৬৯১৯৫, ৫৭৮৮৪৭, ৫৭৮৯১৩ এবং ১৫৯৯৫২।জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস প্রথম আলোকে বলেন, ঈদের আগেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছি। খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা ওই ফল দিয়েছি। এতে ভর্তি পরীক্ষার্থীরা উপকৃত হবে।গত রোববার কুমিল্লা শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে দাবি শীর্ষক একটি প্রতিবেদন প্রথম আলোর ১৪ নম্বর পাতায় প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড মাত্র এক দিনের ব্যবধানে ওই ফল প্রকাশ করে। এর আগে গত ২৭ জুলাই এ বোর্ডের ফল প্রকাশ করা হয়। আগে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৩৮৯ জন। এ নিয়ে এইচএসসিতে এ বছর মোট জিপিএ-৫-এর সংখ্যা এক হাজার ৩৯১ জন হলো।