এইচএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তোলায় কারাদণ্ড
ফরিদপুরে হলের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে বের হয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধরে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ফরিদপুরের মধুখালীতে পরীক্ষা চলাকালে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আর এম সেলিম শাহনেওয়াজ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. নাসির আহমেদ ওরফে জনি (৩৫) একজন ব্যবসায়ী এবং মধুখালী পৌরসভার গন্ধারদিয়া এলাকার বাসিন্দা। আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি মুঠোফোনে তুলে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করেন। পরে ওই কেন্দ্রের সামনে আদালত বসিয়ে তাঁকে জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্বাহী হাকিম আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মো. নাসির আহমেদকে জরিমানাসহ কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।