এইচএসসি পরীক্ষার মধ্যেও আদালতে হাজির হতে হলো লিমনকে
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মধ্যেও গতকাল সোমবার আদালতে হাজিরা দিয়েছে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র্যাবের করা মামলায় গতকাল দুপুর ১২টার দিকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দেয় লিমন। ওই মামলায় গতকাল আদালতে রাজাপুর থানা পুলিশের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। লিমনের আইনজীবী মানিক আচার্য্য প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় র্যাবের করা মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। এ জন্য হাকিম নুসরাত জাহান আগামী ৮ জুলাই পুলিশের প্রতিবেদন দাখিল ও অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন। গতকাল পিরোজপুরের কাউখালীতে লিমনের এইচএসসির কম্পিউটার অ্যাপলিকেশন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। আদালতে হাজিরার কারণে পরীক্ষা পরিদর্শকের কাছে লিমন সময় চেয়ে লিখিত আবেদন করে। আবেদন মঞ্জুর করার পর সকালে কাউখালী থেকে মায়ের সঙ্গে ঝালকাঠির আদালতে আসে লিমন। লিমন বলে, ‘র্যাবের নিষ্ঠুরতার শিকার হয়েও আমি এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। আজ (সোমবার) পরীক্ষা থাকা সত্ত্বেও আমাকে আদালতে র্যাবের দায়ের করা মিথ্যা মামলায় হাজিরা দিতে হয়েছে।’গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার বাড়ির কাছের একটি মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে একটি পা হারায় কলেজছাত্র লিমন হোসেন।