এইচএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ার দাবিতে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা। আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি দবির উদ্দীন খান। এতে প্রধান বক্তা ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমন্বয়ক আবু তাহের চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুসা সিকদার, আবুল খায়ের, মাকসুদুর রহমান চৌধুরী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিগত এসএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সময় হরতাল কর্মসূচির কারণে বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। এতে পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপে পড়েছে। বক্তারা আরও বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার আগে আবারও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন। বক্তারা আসন্ন এইচএসসি পরীক্ষাসহ অন্য সব পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার জন্য রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লাহ মোড়ে গিয়ে শেষ হয়।