এইচএসসি পরীক্ষার্থী মজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার কেন্দুয়ায় এইচএসসি পরীক্ষার্থী আবদুল মজিদকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শনিবার দুপুরে উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সামনে সাহিতপুর-সোহাগী সড়কে এই কর্মসূচি পালন করা হয়। আবদুল মজিদ ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি উপজেলার দ্বিপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, মজিদের সহপাঠীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় এই কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত রতন মিয়াকে অবিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী গতকাল শনিবার দুপুরে মজিদদের বাড়িতে যান। এ সময় তিনি মজিদের খুনিকে অবিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
আবদুল মজিদের জানাজা গতকাল পৌনে ছয়টার দিকে সান্দিকোনা স্কুল আ্যান্ড কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রতন মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মজিদকে পাশের আলমপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে রতন মিয়া দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।