এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল শুক্রবার দুপুরে আশ্রাফুল হাসান (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত পরীক্ষার্থীর পরিবার ও কলেজ সূত্রে এ কথা জানা গেছে।কলেজ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের কামাল পাশার ছেলে আশ্রাফুল হাসান স্থানীয় রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। গতকাল হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। বেলা পৌনে একটায় উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে তিনি বাড়ি ফেরার পথে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সন্ধ্যায় সন্ত্রাসীদের ভয়ে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক এইচএসসি পরীক্ষার্থী আশ্রাফুল হাসানের সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়েছেন বলে জানান।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস জানান, তিনি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনাটি অধ্যক্ষকে জানিয়েছেন। তবে অন্য কেউ লিখিত অভিযোগ করেননি।