এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। তবে সবচেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা।
গত শনিবার বিকেলের কালবৈশাখীতে বগুড়া জেলার বেশির ভাগ এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। সেই সময় থেকেই বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গতকাল সোমবার দুপচাঁচিয়া মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী সজল দেওয়ান ও পলাশ পাল বলেন, ‘রাতে বিদ্যুৎ থাকবে না, এমনটি মনে করিনি। সন্ধ্যার পর ঘণ্টা দুয়েক চার্জার লাইটে পড়ার পর চার্জ শেষ হয়ে যায়। পরে মোমবাতির আলোতে পড়া শুরু করি। কিন্তু বেশি রাত পর্যন্ত পড়তে পারিনি। পড়া ভালো না হওয়ায় পরীক্ষাটাও ভালো হয়নি।’
দুপচাঁচিয়া পিডিবি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘূর্ণিঝড়ে বগুড়া শহরের বেশির ভাগ এলাকায় গাছ উপড়ে এবং টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বগুড়া থেকে দুপচাঁচিয়া উপকেন্দ্রের ৩৩ হাজার লাইনের আট-নয়টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। উপকেন্দ্র থেকে তালোড়ার সংযোগ লাইনটির কয়েকটি খুঁটি ভেঙে গেছে। ঝড়ের পর থেকেই লোকজন কাজ করছে। ক্ষতির পরিমাণ এত বেশি যে দ্রুত কাজ শেষ করার মতো আমাদের তেমন জনবল নেই।’
রোববার রাত সোয়া আটটার দিকে বাজার তেমাথায় এসেছেন খলিলুর রহমান নামের এক স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘আমার মেয়ের এইচএসসি পরীক্ষা। আমি সারা দিন স্কুল করার পর খেয়াল করি নাই রাতে বিদ্যুৎ থাকবে না। মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় বাড়ির কেউ আমার সঙ্গে যোগাযোগও করতে পারেনি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি ঘুটঘুটে অন্ধকার। মেয়ের চার্জার লাইটে চার্জ নেই। আশপাশের দোকান বন্ধ থাকায় এক কিলোমিটার হেঁটে বাজারে এসেছি মোমবাতি কিনতে। এখানেও মোমবাতির সংকট রয়েছে। কয়েকটি দোকান ঘুরে একটিতে মোমবাতি পেলাম। কিন্তু সুযোগ বুঝে দামও নিয়েছে দ্বিগুণ।’
বিদ্যুৎ না থাকায় উপজেলা সদরের তেমাথার বাসিন্দা কলেজশিক্ষক মনোয়ারা বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় বাড়িতে পানি নেই। আশপাশ এলাকার নলকূপ থেকে পানি এনে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ‘পানির চেয়েও বড় সমস্যা হচ্ছে রেফ্রিজারেটরের খাবার নিয়ে। কাঁচা খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় তা বের করে রান্নার ব্যবস্থা করেছি।’
দুপচাঁচিয়া উপজেলার নিউমার্কেটের ইলেকট্রনিকস ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, দুই দিন ধরে দোকানে কোনো বেচাকেনা নেই। মার্কেটে যে দু-একজন এসেছেন, তাঁরা মুঠোফোনের চার্জ দেওয়ার জন্য দোকানগুলোতে ভিড় করছেন।
গ্রামীণফোনের আঞ্চলিক কার্যালয় দুপচাঁচিয়ার বিক্রয় প্রতিনিধি জাকির হোসেন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় টাওয়ারে চার্জ থাকছে না। তার পরও আমরা জেনারেটর দিয়ে চার্জের ব্যবস্থা করছি।’